দেশের ব্যাংকগুলোর জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।
রাজধানীর গুলশানের একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। এ সময় প্র্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু, সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্র্যাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে মনিরুজ্জামান টিপু জানান, আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। সাধারণত প্রতি দুই বছরের জন্য গঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রধান এবং বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০১১ সালে যাত্রা শুরু করা এই সংগঠনের আয়োজিত প্রীতি সম্মেলনে দেশের সব তপশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত প্রায় দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে মনিরুজ্জামান টিপু বলেন, ‘আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।’ বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে দেশের সব তপশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত ২ শতাধিক কর্মকর্তা অংশ নেন।































