ঢাকা থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজের ভাড়া কেন তুলনামূলক বেশি, তা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়। কমিটি ভাড়া নির্ধারণের জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা করা যায় কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে।
বৈঠকে কমিটির পক্ষ থেকে উদাহরণ টেনে বলা হয়, কুয়ালালামপুর থেকে ম্যানিলার দূরত্ব এবং ঢাকা থেকে কুয়ালালামপুরের দূরত্ব প্রায় সমান হওয়া সত্ত্বেও ঢাকা-কুয়ালালামপুর রুটের টিকিটের দাম কুয়ালালামপুর-ম্যানিলা রুটের চেয়ে কয়েক গুণ বেশি। এর কারণ এবং ভাড়া নির্ধারণের নীতিমালা সম্পর্কে জানতে চাইলে বেবিচকের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক গন্তব্যে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে তাদের কোনো নীতিমালা নেই; বরং সংশ্লিষ্ট এয়ারলাইন কোম্পানিগুলোই এই ভাড়া নির্ধারণ করে থাকে।
বৈঠকে বিমানের নিরীক্ষা আপত্তি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটির পক্ষ থেকে ১৮টি আপত্তির বিপরীতে প্রমাণসহ সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ত্রুটিযুক্ত উড়োজাহাজ ও অচল যন্ত্রপাতি ক্রয় এবং ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে চার্টার্ড কার্গো ফ্লাইটের রাজস্ব আদায়ে ৭৩৬ কোটি টাকার অনিয়মের বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা-ও জানতে চেয়েছে কমিটি।
প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটির কারণ এবং বিমানের আইটি সিস্টেমের দুর্বলতার কারণে সম্ভাব্য রাজস্ব ক্ষতির বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিমানের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর ভ্রমণের জন্য সবসময় আধুনিক উড়োজাহাজ বরাদ্দ থাকে এবং এবারের ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের পরিবেশ ও সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। বিমানের পক্ষ থেকে ফ্লাইট বিলম্বের কারণ হিসেবে চেক-ইন কাউন্টারের স্বল্পতা, বোর্ডিং ব্রিজের অভাব এবং ব্যাগেজ এরিয়ায় জায়গার স্বল্পতার কথা তুলে ধরা হয়েছে। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






























