উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ১৪ দিনের প্রশিক্ষণে অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন বাংলাদেশ সরকারের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এ উপলক্ষে আগামী রোববার (৮ নভেম্বর) ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। পাকিস্তানের লাহোরে অবস্থিত ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে ৯ নভেম্বর থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত।
প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া দলে রয়েছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার ৫ জন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা। সফর নিশ্চিত করে গত বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করেছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রশিক্ষণার্থীদের যাতায়াত, আবাসন, খাবার ও প্রয়োজনীয় প্রশিক্ষণ ব্যয়ের পুরোটাই বহন করবে পাকিস্তান সরকার। ফলে এই কার্যক্রমে বাংলাদেশ সরকারের আর্থিক কোনো সংশ্লিষ্টতা থাকছে না। তবে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রত্যেক কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত শাখায় একটি ব্যক্তিগত প্রতিবেদন দাখিল করতে হবে।
মনোনীত ৩৫ কর্মকর্তার মধ্যে সর্বোচ্চ চারজন রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন করে কর্মকর্তা এই তালিকায় রয়েছেন। অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের একাধিক কর্মকর্তাও এই প্রশিক্ষণে যোগ দিচ্ছেন।
প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান জানান, পাকিস্তান সরকারের আমন্ত্রণে এ প্রশিক্ষণে দেশটির প্রশাসন ব্যবস্থা এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কৌশল শেখানো হবে। একই সঙ্গে সরকারি নীতিকৌশল, সুশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ সেশন থাকবে।
উল্লেখ্য, এর আগে গত মে মাসে প্রথম দফায় সরকারের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশিক্ষণ নিতে পাকিস্তানে গিয়েছিলেন। লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে (সিএসএ) ৪ মে শুরু হওয়া সেই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয় ২১ মে। সে সময় এক অতিরিক্ত সচিব ও ১১ জন যুগ্ম সচিব ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন।





























