চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। কারিগরি ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে না পারায় এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত তাদের আবেদন জমা দিতে পারবেন।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিগরি বা অনলাইন ত্রুটির কারণে শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া বিঘ্নিত হয়েছিল। অনেক পরীক্ষার্থী এই সময়ের মধ্যে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশক্রমে আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে এইচএসসির খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, যা শনিবার রাত ৮টায় শেষ হওয়ার কথা ছিল। এ পর্যন্ত মোট ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা একেকজন একাধিক বিষয় ও পত্রের পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন জমা দেওয়ায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে উত্তরপত্র পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিঘ্নিত হয়। এ কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




























