বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তাফাপুরে অবস্থিত ‘দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের’ সুষ্ঠু ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কবরস্থানটি কোনো নির্দিষ্ট এলাকার মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যেকোনো গ্রামের বা এলাকার যেকোনো মুসলিম ব্যক্তি এখানে সম্পূর্ণ বিনা খরচে দাফনের সুযোগ পাবেন।
নবগঠিত কমিটির সভাপতি ও মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পেয়েছেন গেটকো গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি কে এম খালেদ। কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কে এম মুনতাসির, আছির উদ্দীন চিশতী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং খাদিজা খাতুন আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম। এছাড়া খন্দকার মো. আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী কে এম মাহফুজুর রহমান মিশুকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম টুনকু, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম বাবলু, দপ্তর সম্পাদক কে এম তারেক হাসান বুলবুল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আব্দুস সালাম ও মো. জিয়াউর রহমান। ধর্মীয় ও দাফন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমাম মো. শফিউল্লাহ খাঁন মিঠু ও মো. খলিলুর রহমান। উন্নয়ন ও অবকাঠামো সম্পাদক হিসেবে মো. রিপন প্রামাণিক ও মো. মেহেদুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে কে এম মুরাদুল ইসলাম মুরাদ ও তবিবর রহমান প্রাং দায়িত্ব পালন করবেন। এছাড়া কার্যকরী ও উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন মো. ইব্রাহিম আলী, আব্দুল বারী আকন্দ, আফজাল হোসেন মিনার, মো. সাইফুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।
কমিটির সভাপতি ও মুতাওয়াল্লি কে এম খালেদ এই উদ্যোগকে একটি মানবিক ও জনকল্যাণমূলক কাজ হিসেবে অভিহিত করে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় বাসিন্দা ও আইনজীবী কে এম মাহফুজুর রহমান মিশু বলেন, যারা জমি দান করেছেন তাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি জনকল্যাণমূলক কাজে কে এম খালেদের পৃষ্ঠপোষকতার ভূয়সী প্রশংসা করেন।






























