তুরস্কের আনতালিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় আনতালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই নেতা আলোচনা করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও বৈঠকে স্থান পায়।
বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১১ ও ১২ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা রয়েছে।






























