যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো হামলা চালানো হলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এমন পরিস্থিতিতে শুধু মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি নয়, বরং ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হবে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব জেনারেল মোহসেন রেজায়ি।
জেনারেল রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে ইরান কেবল আশপাশের মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করবে না, বরং আগে কখনো হামলা চালানো হয়নি এমন দূরবর্তী ঘাঁটিগুলোও তাদের হামলার আওতায় আসবে। বিশেষ করে ইউরোপের কোনো দেশ থেকে যদি মার্কিন যুদ্ধবিমান ইরানে হামলার উদ্দেশ্যে উড্ডয়ন করে, তবে সেসব দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার বিষয়ে জেনারেল রেজায়ি জানান, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো ধরনের আলোচনা চলছে না। তবে ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত উত্থাপন করেছে এবং এখন ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে ইরানের প্রধান অগ্রাধিকার হলো সব ফ্রন্টে যুদ্ধের অবসান নিশ্চিত করা, যার মধ্যে লেবাননে চলমান সংঘাত বন্ধ করা অন্যতম। এছাড়া ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক ও ইরানকে নিয়ে একটি উপসাগরীয় ইউনিয়ন গঠনে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।






























