বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন, যার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকদের মহাসড়কে অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে মৌচাক ও এর আশেপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে গাজীপুর নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকাতেও শ্রমিকদের অসন্তোষের খবর পাওয়া গেছে। সেখানে ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে কারখানার বাইরে অবস্থান নিয়েছেন। এছাড়া কোনাবাড়ীতে অবস্থিত এম এম নিট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।






























