চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথম ১০টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়ে পয়েন্ট তালিকার রেলিগেশন জোনে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে সাবেক মিডফিল্ডার মাইকেল ক্যারিকের অধীনে চমৎকার পারফরম্যান্সের পর সমর্থকরা নতুন আশায় বুক বেঁধেছিলেন। তবে সেখান থেকে রেড ডেভিলদের অবস্থান কেবল পেছনের দিকেই গেছে। ফলে বর্তমানে কোচ পদ থেকে ছাঁটাইয়ের মুখে দাঁড়িয়ে আছেন ক্যারিক। তার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে সাবেক টটেনহ্যাম হটস্পার ও চেলসি কোচ মাউরিসিও পচেত্তিনো এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
গ্রীষ্মকালীন দলবদলে ইনিয়সের (INEOS) কাছ থেকে আশানুরূপ সমর্থন না পাওয়ার অজুহাত ক্যারিক তুলে ধরতে পারলেও, ক্লাবের সাম্প্রতিক ধসের দায় থেকে তিনি নিজেও মুক্ত নন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে ইউনাইটেডের ড্রেসিংরুমের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। সেখানে কয়েকজন ফুটবলার দাবি করেছেন, অনুশীলনের নিম্নমানের কারণে দলের এই আশঙ্কাজনক পারফরম্যান্স অবনতি অনিবার্য ছিল।
খেলার মাঠের বিশ্লেষকরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, বল ছাড়া পুরো দলের মধ্যে কঠোর পরিশ্রমের ঘাটতি স্পষ্ট। ম্যাচের পুরো ৯০ মিনিট প্রতিপক্ষের ওপর কোনো প্রভাব ধরে রাখতে পারছিল না ইউনাইটেড। ড্রেসিংরুমের সূত্রের মতে, বিশ্বকাপ পরবর্তী গ্রীষ্মের এলোমেলো ছুটির পর আয়ারল্যান্ডে তুলনামূলক শিথিল এক সপ্তাহের ট্রেনিং ক্যাম্পের কারণে ফুটবলাররা নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেননি। অনুশীলনে ঘাটতি এবং অতিরিক্ত ইনজুরির সমস্যার কারণে ক্যারিক ও তার ব্যাকরুম স্টাফদের অধীনে অনুশীলনের মান নেমে যাওয়ার বিষয়টি দলের খেলোয়াড়রাই তুলে ধরেছেন।
অনুশীলনের পাশাপাশি ক্যারিকের কৌশলগত ভুলও প্রকট হয়ে ওঠে। স্কোয়াডের ধরন এবং গত মৌসুমের সফলতার ওপর ভিত্তি করে দলটির সরাসরি কাউন্টার-অ্যাটাকিং ফুটবলে গতি ব্যবহার করা উচিত ছিল। কিন্তু মিডলসব্রার সাবেক কোচ ক্যারিক দলটিকে ধীরগতির পজিশন-ভিত্তিক সিস্টেমে খেলাতে জোর দেন, যা নেতিবাচক ফলাফল বয়ে আনে। পজিশন-ভিত্তিক ৪-২-৪ ফরমেশনে খেলার সিদ্ধান্ত দলটির ক্ষমতার বাইরে ছিল বলে অনেক ফুটবলার মনে করেন। তবে সাম্প্রতিক শেষ তিন ম্যাচে ক্যারিক আবার সরাসরি আক্রমণাত্মক কৌশলে ফিরে আসায় কিছুটা ভালো পারফরম্যান্স দেখা গেছে।
এছাড়া ইউনাইটেডের বিখ্যাত একাডেমি ও উদীয়মান তরুণদের প্রতি ক্যারিকের আস্থার অভাব নিয়েও প্রশ্ন উঠেছে। বাঁ-পাশের ফুলব্যাক লুক শ দীর্ঘদিনের জন্য ইনজুরিতে থাকা এবং দিয়োগো দালোতের অফ-ফর্ম সত্তেও তরুণ হ্যারি আমাসকে মাঠে নামানো হয়নি। আবার উইং পজিশনে ক্লান্ত আমাদ দিয়ালোকে বারবার সুযোগ দেওয়া হলেও শিয়া লেসিকে শুরুর একাদশে সুযোগ দিতে অনেক দেরি করা হয়েছে। একই সঙ্গে তরুণ জেজে গ্যাব্রিয়েলের আকস্মিক ক্লাব ছাড়ার ঘটনাও দলের মনোযোগ নষ্ট করেছে। যুব একাডেমি থেকে আসা খেলোয়াড়দের প্রতি ক্যারিকের এমন অনাগ্রহ অনেককেই অবাক করেছে।
সব মিলিয়ে ডুবতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনা মাউরিসিও পচেত্তিনোর জন্য হবে এক বিশাল চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরেই ইউনাইটেডের ডাগআউটে বসার স্বপ্ন দেখা এই আর্জেন্টাইন কোচের আগুন মাঠের খেলায় কতটা প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার বিষয়।






























