ইউক্রেনীয় ও মার্কিন নাগরিকত্বধারী র্যাপার আলবার্ট ভ্যাসিলিভকে হত্যার জন্য রাশিয়ার গোয়েন্দা সংস্থা দুইবার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে পোল্যান্ড। ডেনমার্ক কর্তৃপক্ষ সম্প্রতি তাদের দেশে এই র্যাপারকে হত্যার একটি ষড়যন্ত্র নস্যাৎ করার পর বিষয়টি নতুন মোড় নিয়েছে। এই ঘটনার জেরে ডেনমার্ক একজন রুশ কর্মকর্তাকে বহিষ্কার করেছে।
ডেনিশ সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিস (পিইটি) জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর কোপেনহেগেনের উত্তরে একটি কনসার্ট চলাকালীন ভ্যাসিলিভকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার দায়ে ডেনমার্কে দুই ব্যক্তিকে হত্যার চেষ্টা এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারীদের মতে, এই ষড়যন্ত্রের সাথে 'লয়াল টু ফ্যামিলিয়া' নামক একটি নিষিদ্ধ গ্যাংয়ের সম্পৃক্ততা পাওয়া গেছে। পিইটির মহাপরিচালক রাসমাস কিফার-ক্রিস্টেনসেন এই ঘটনাকে রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির একটি বাস্তব প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।
পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “এই ব্যক্তিটির বিরুদ্ধে এটি আরেকটি হত্যার চেষ্টা — প্রথমটি ২০২৬ সালের আগস্ট মাসে পোলিশ ভূখণ্ডে ঘটেছিল, তবে পোলিশ পরিষেবার প্রচেষ্টায় তা নস্যাৎ করা হয় এবং সম্ভাব্য অপরাধী, একজন রুশ নাগরিককে আটক করা হয়।” রাশিয়ার গোয়েন্দা সংস্থার দ্বারা নিয়োগপ্রাপ্ত এই সন্দেহভাজনকে পোলিশ কর্তৃপক্ষ ৭ আগস্ট গ্রেপ্তার করে। ১৩ আগস্ট, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ওয়ারশতে ইউক্রেনীয়-মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করার বিষয়টি প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, এটিই প্রথম ঘটনা যেখানে “রাশিয়ার নির্দেশে কেউ” অন্য কোনো ন্যাটো সদস্য দেশের মাটিতে মার্কিন নাগরিককে আক্রমণের চেষ্টা করেছে।
রাশিয়া অবশ্য এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। কোপেনহেগেনে অবস্থিত রুশ দূতাবাস এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। এদিকে, রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফএসবি ভ্যাসিলিভের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, তিনি ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর পৃষ্ঠপোষকতায় রাশিয়ার একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে ড্রোন হামলায় সহায়তা করেছেন। তবে ডেনিশ সংবাদমাধ্যম ডিআর-এর প্রতিবেদন অনুযায়ী, ভ্যাসিলিভ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন রাশিয়ার এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। ডেনমার্ক এখন এই ঘটনার জেরে ইউরোপীয় ইউনিয়নের কাছে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানাবে, যার মধ্যে রুশ নাগরিকদের ইইউ-তে প্রবেশ ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি থাকতে পারে। পোল্যান্ড এই প্রস্তাবকে সমর্থন করার কথা জানিয়েছে।


























