আগামী মাসে তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ আরজুরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় পালানদোকেন অর্থনৈতিক ফোরাম। তুর্কি প্রেসিডেন্সির তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনটি ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। এটি ২০২৬ সালে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ বড় আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনগুলোর মধ্যে অন্যতম।
সম্মেলনটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'ক্যাপিটাল ইন গ্লোবাল ফ্লাক্স: দ্য নিউ ইনভেস্টমেন্ট ইকুয়েশন'। এই আয়োজনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পালানদোকেন শীতকালীন রিসোর্টে আয়োজিত এই ফোরামে বৈশ্বিক অর্থনৈতিক রূপান্তর, পুঁজির প্রবাহের পরিবর্তন, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ফোরামের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫ ডিসেম্বর। তবে এর আগে ৪ ডিসেম্বর সন্ধ্যায় মাউন্ট পালানদোকেনের চূড়ায় মশাল হাতে স্কি প্রদর্শনী দিয়ে অনানুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা ঘটবে। তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট ১০টি আলাদা সেশনে বিশেষজ্ঞরা বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনা এবং আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্কগুলো মূল্যায়ন করবেন।
আন্তর্জাতিক অর্থনৈতিক সংলাপকে উৎসাহিত করার পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে আরজুরুমের পর্যটন, বাণিজ্য এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনাকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে তুর্কি আয়োজকদের।
































