শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতি এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য আয়োজিত ‘প্রকৃতির পাঠশালা’ নামক একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, শিক্ষাকে কেবল পাঠ্যবইয়ের মধ্যে আটকে রাখা চলবে না। শিশুদের সামগ্রিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজের সাথে তাদের সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। এছাড়া তিনি জানান, ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থায় নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।





























