অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর এক অভিযানে ৫৭ বছর বয়সী এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ইসরায়েলি সেনাবাহিনী উভয়ই এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম হিকমত মোহাম্মদ ফারাজ। নাবলুসের দক্ষিণে অবস্থিত মাদামা গ্রামে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে তিনি গুরুতর আহত হন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ভাষ্যমতে, ফারাজের বুকে সরাসরি গুলি করা হয়েছিল এবং পরবর্তীতে নাবলুসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাদামা গ্রাম পরিষদের প্রধান রামি নাসের এএফপি সংবাদ সংস্থাকে জানান, ইসরায়েলি সেনারা ফারাজের বাড়িতে অভিযান চালানোর সময় তাকে গুলি করে। এ সময় সেনারা ফারাজের স্ত্রী, কন্যা এবং পুত্রবধূর ওপরও শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, মাদামায় অভিযানের সময় একটি ভবন থেকে সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হলে তারা সেখানে প্রবেশ করে।
এদিকে, গত শনিবার পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় তিনজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজনকে লাঞ্ছিত করা হয়, তিনটি বাড়ি দখল করা হয় এবং একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফিলিস্তিনি সূত্র ও ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, বাড়িঘর ও স্থাপনা ধ্বংস, মসজিদ ও যানবাহনে অগ্নিসংযোগ, কৃষিজমি ধ্বংস, কৃষকদের জমিতে প্রবেশে বাধা প্রদান, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং অবৈধ বসতি সম্প্রসারণের মতো ঘটনা।






























