যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ছবিসদৃশ প্যান্থার স্টেট বিচে গত ছয় মাসে চারজন তরুণ-তরুণীর মর্মান্তিক মৃত্যু এবং অন্য একজন নিখোঁজ হওয়ার ঘটনা সৈকতটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে। প্রশান্ত মহাসাগরের উপকূলে সান্তা ক্রুজ ও হাফ মুন বে-র মধ্যবর্তী স্থানে অবস্থিত এই দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্রে সাম্প্রতিক এসব দুর্ঘটনা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগের সৃষ্টি করেছে।
সাম্প্রতিক প্রাণহানির ঘটনাগুলোর বিবরণ দিতে গিয়ে দেখা যায়, সৈকতটিতে ঘুরতে এসে একজন খাড়া পাহাড়ি টিলা (ব্লাফ) থেকে নিচে পড়ে প্রাণ হারান, একজন পাথরের ধাক্কায় ছিটকে পড়ে পরে হাসপাতালে মারা যান এবং অন্য দুজন সৈকতে ঘুমানোর সময় বিশাল ঢেউয়ের তোড়ে ভেসে যান। এছাড়া ২৪ বছর বয়সী সে নাহ পার্ক নামের এক তরুণী সাগরে ভেসে গিয়ে এখনো নিখোঁজ রয়েছেন। তিনি বন্ধুদের সাথে সন্ধ্যার সময় সেখানে একটি খাঁড়িতে আগুন জ্বালিয়ে গান গেয়ে সময় কাটাতে গিয়েছিলেন। কিন্তু অন্ধকার নেমে এলে সৈকতটির সুপরিচিত বিশাল ‘কী-হোল’ খিলান পথ দিয়ে ফেরার চেষ্টা করার সময় শক্তিশালী ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। চলতি সপ্তাহে পার্কের ব্যবহৃত পার্স বা ব্যাগটি উপকূলে ভেসে আসলেও তার মরদেহের সন্ধান মেলেনি। এ ঘটনায় তার বাবা কোয়াংহিয়ন পার্ক আকুল আবেদন জানিয়ে বলেছেন, “এই এলাকায় যারা হাইকিং করছেন বা ঘুরে বেড়াচ্ছেন, তারা দয়া করে আমাদের প্রিয় সেনাহর জন্য চোখ খোলা রাখবেন। আমাদের জন্য শুধু প্রার্থনা করুন।”
প্রশান্ত মহাসাগরের সরাসরি উন্মুক্ত এই স্থানটিতে ৫০ ফুট উঁচু নাটকীয় সেল (shale) পাথরের পাহাড় ও ছোট ছোট পকেট বিচ রয়েছে। শহর থেকে দূরে প্রকৃতি ঘেরা এই স্থানে তরুণরা সময় কাটাতে, ছবি তুলতে এবং ইনস্টাগ্রাম বা পোস্টকার্ডের মতো স্মারক মুহূর্ত তৈরি করতে আসেন। সান্তা ক্রুজ ও পালো আল্টোর মতো ব্যস্ত সিলিকন ভ্যালি শহরগুলো থেকে মাত্র ৪৫ মিনিটের দূরত্বে হওয়ায় তরুণদের মধ্যে এর জনপ্রিয়তা অনেক বেশি। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান্তা ক্রুজের ভূতত্ত্বের অধ্যাপক গ্যারি গ্রিগস জানান, বাঁধাই করা পার্কিং, নতুন শৌচাগার এবং একটি উপকূলীয় সাইকেল পথ তৈরির মতো অবকাঠামোগত উন্নয়নের কারণে এখানে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। তাছাড়া গাড়ি পার্ক করে মাত্র দুই মিনিটে হেঁটে সৈকতে নেমে যাওয়া যায়, যা পার্শ্ববর্তী দুর্গম এলাকার ২০ মিনিটের হাঁটার পথের তুলনায় বেশ সহজ ও আমন্ত্রক মনে হয়।
ভূতাত্ত্বিক দিক থেকে এলাকাটি পৃথিবীর অন্যতম বৃহৎ উন্মুক্ত পাললিক স্তরের স্থান হওয়ায় পাহাড়ের গায়ে প্রাকৃতিক ফাটল থেকে গুহা, সুরঙ্গ ও খিলানের সৃষ্টি হয়েছে। তবে শীতকালে এবং বিশেষ করে উচ্চ জোয়ারের সময় সাগরের উত্তাল ঢেউ এসে পুরো বালুচর গ্রাস করে ফেলে। এ বছর ‘সুপার এল নিনো’র প্রভাবে সাগরে স্মরণকালের উচ্চ জোয়ার এবং প্রচণ্ড ঢেউ তৈরি হচ্ছে। অধ্যাপক গ্রিগস বলেন, এল নিনো সাগরের স্বাভাবিক উচ্চ জোয়ার ও বড় ঢেউয়ের মাত্রা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিস (ক্যালফায়ার)-এর জনসংযোগ কর্মকর্তা মাইকেল হর্ন সতর্ক করে বলেন, মানুষ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আকর্ষিত হলেও তার পেছনে লুকিয়ে থাকা ভয়ংকর বিপদ অনুধাবন করতে পারে না।
সান্তা ক্রুজ ডিভিশনের ক্যালিফোর্নিয়া স্টেট পার্কসের অপারেশনস সুপারিনটেনডেন্ট স্কট সাইপস জানান, হাইওয়ে পার্কিং ও প্রধান প্রবেশপথগুলোতে প্রবল টান জোয়ার (রিপ কারেন্ট), কনকনে ঠান্ডা পানি, উচ্চ জোয়ার এবং আটকে পড়ার ঝুঁকি নিয়ে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো রয়েছে। তবে দর্শনার্থীরা সবসময় সেসব মানেন না। এ অবস্থায় এক ভুক্তভোগীর বাবা পাহাড়ের হাঁটার পথের শুরুতে মৃত্যুর সংখ্যা লিখে রাখার সাইনবোর্ড দেওয়ার প্রস্তাব করেছেন। সম্প্রতি 'কিং টাইড'-এর সময় লাইফগার্ড ও পার্ক রেঞ্জারদের টহল বাড়ানো হয়েছিল। স্কট সাইপস সবাইকে সমুদ্রের পানি ও পরিস্থিতির পূর্বাভাস জেনে তবেই সৈকতে যাওয়ার অনুরোধ জানান।
উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় ওরেগন উপকূলে একই ধরনের বিপদ দেখা যায়। সেখানে সারা বছর পানির তাপমাত্রা থাকে প্রায় ৫০ ডিগ্রি ফারেনহাইট (১০ ডিগ্রি সেলসিয়াস)। কারি কাউন্টির অ্যাকুয়াটিক সেফটি ম্যানেজার লুক মার্টিনেজ (যিনি ১৬০ কিলোমিটার উপকূলে টহল দেওয়া মাত্র দুজন লাইফগার্ডের একজন) জানান, ফ্লোটেশন ডিভাইস ছাড়া এত ঠান্ডা পানিতে নামলে মাত্র ১৫ মিনিটের মধ্যে শরীর সাঁতার কাটার ক্ষমতা হারিয়ে ফেলে। এবং দুর্গমতার কারণে খবর পাওয়ার পর সাহায্য পৌঁছাতে এক ঘণ্টাও লেগে যেতে পারে।
গত ৮ নভেম্বর ওরেগনের সিক্রেট বিচে একটি রোমহর্ষক উদ্ধার অভিযান চালান মার্টিনেজ ও তার সঙ্গী শ্যানন ইনগ্রাম। ২৫ থেকে ৩৩ ফুট উঁচু ঢেউয়ের সতর্কবার্তার মধ্যেই অন্ধকারের মধ্যে পাড় থেকে ২০০ ফুট দূরে পাথরে আটকে পরা এক নারীকে জীবন ঝুঁকি নিয়ে তারা উদ্ধার করেন। পর্যটন সংস্থাগুলোর প্রচারণাতেও এখন সমুদ্রের এই ভয়াবহ ঝুঁকির বার্তা অন্তর্ভুক্ত করার কাজ চলছে। ক্যালফায়ার কর্মকর্তা মাইকেল হর্ন স্মরণ করিয়ে দেন, বালু যদি ভেজা থাকে তবে বুঝতে হবে সেখানে সাগরের পানি পৌঁছেছিল এবং তা খুব দ্রুত আবারও ফিরে আসবে। তাই সচেতন থাকা ও প্রকৃতির শক্তিকে সম্মান জানানোই সৈকতে সুরক্ষার মূল ভিত্তি।

























