পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় দিনের এক সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৩ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। তাঁর সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকার ও তাঁর সফরসঙ্গীদের অভ্যর্থনা জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



























