গোপালগঞ্জে স্থায়ী ঠিকানা রয়েছে এবং ভোটারও সেখানকার, কিন্তু বর্তমানে ঢাকায় বসবাস করছেন—এমন অনেক গ্রাহকের মুঠোফোনে বিকাশ, নগদ ও রকেটের মতো আর্থিক সেবা (এমএফএস) বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগী গ্রাহকেরা জানিয়েছেন, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের মুঠোফোনে সেবা বন্ধ বা বিঘ্নিত হওয়ার বার্তা পাঠিয়েছে। এতে তারা বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন ও প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হয়ে বিপাকে পড়েছেন।
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক নারী জানান, তিনি দুটি কোম্পানির এমএফএস সেবা ব্যবহার করেন। একটি প্রতিষ্ঠান থেকে তাকে বার্তা দেওয়া হয়েছে যে, এমএফএস বিধিমালা অনুযায়ী তার অঞ্চলে সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। ওই নারী জানান, তিনি নিয়মিত তার বাড়িতে মায়ের কাছে টাকা পাঠানো ও মায়ের মুঠোফোনে রিচার্জের সুবিধা নিতে পারছেন না। তার হিসাবে থাকা টাকাও তিনি ব্যবহার করতে পারছেন না।
গত ১৫ নভেম্বর আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এ সময় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয় এবং সড়ক অবরোধ করে গোপালগঞ্জের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। পুলিশের ভাষ্যমতে, এসব ঘটনায় উসকানি ও অর্থায়ন করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে গত বুধবার গোপালগঞ্জে এমএফএস সেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রায় দুই লাখের মতো নম্বরে এই আর্থিক সেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জেলার সবার ক্ষেত্রে সেবা বন্ধ হয়নি; কারো কারো সচল আছে, আবার কারো একটি কোম্পানির সেবা বন্ধ থাকলেও অন্যটি সচল রয়েছে।
স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে এমন ২২ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে ১৩ জনই মুঠোফোনে আর্থিক সেবা বন্ধের শিকার হয়েছেন। রাকিবুল ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, ২৫ নভেম্বর তিনি তার বিকাশ ও নগদ অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। পরে তিনি বিভিন্নজনের মন্তব্য ও সেবাদানকারীর বার্তা থেকে নিশ্চিত হন যে গোপালগঞ্জের ঘটনার কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে দেশে এমএফএস হিসাবের সংখ্যা ২৬ কোটি ২১ লাখ। এর মধ্যে গ্রামাঞ্চলে ১৩ কোটি ২৪ লাখ ও শহরাঞ্চলে ১২ কোটি ৯৭ লাখ হিসাব রয়েছে। এমএফএস বিধিমালা–২০২২ এর ১১ নম্বর ধারা অনুযায়ী, সেবাদানকারীরা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইন মেনে চলতে বাধ্য এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিআইএফইউ) নির্দেশনা মানতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার আইনগতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে, তবে সাধারণ গ্রাহকদের সেবা বন্ধ হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি এমএফএস প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, গোপালগঞ্জে সেবা বন্ধের কারণে তারা আর্থিক ক্ষতির মুখে পড়লেও সরকারের সিদ্ধান্ত মেনে চলছেন।
এ ছাড়া সেপ্টেম্বর শেষে দেশে এমএফএস এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২১ লাখে।সেপ্টেম্বর মাসে দেশে এমএফএসের মাধ্যমে মোট ২ লাখ ১৩ হাজার ৫৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে।
সে হিসাবে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৭ হাজার ১১৮ কোটি টাকা।এখন মুঠোফোনে টাকা লেনদেন, গ্যাস ও বিদ্যুতের বিল পরিশোধ, রিচার্জ, সঞ্চয়, ঋণগ্রহণ ইত্যাদি জনপ্রিয়।

























