সতেরো নভেম্বর, ২০২৬। বিকাল ৩টা ১৬ মিনিট। পাবনার ঈশ্বরদীর পদ্মাপাড়ের রূপপুর থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলো। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো পুরো দেশ। বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম লেখা হলো।
রূপপুর যখন বাংলাদেশের জন্য এক আনন্দের খবর, ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠল তিন দশক আগের এক স্মৃতি। মনে পড়ে গেল ‘দৈনিক বাংলা’র সেই পুরোনো বার্তাকক্ষের কথা। আর মনে পড়ে গেল হুমায়ুন ভাইয়ের কথা। দৈনিক বাংলায় আমার সম্পাদক ছিলেন আহমেদ হুমায়ুন। তার সেই স্নেহমাখা অথচ দৃঢ় কণ্ঠস্বর আজও মনে পড়ে।
নব্বইয়ের দশকের শুরুর দিক। আমি তখন দৈনিক বাংলায় কাজ করি। একদিন সম্পাদক আহমেদ হুমায়ুন আমাকে ডেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নিয়ে একটি অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করার অ্যাসাইনমেন্ট দিলেন। হুমায়ুন ভাই সাংবাদিকতা জগতের এক অনন্য নাম। নতুন নতুন বিষয় মাথায় এলেই রিপোর্ট করাতেন। বিজ্ঞানের ছাত্র হওয়ায় তিনি বিজ্ঞান ও পরিবেশবিষয়ক রিপোর্ট আমাকে দিয়েই করাতেন। ষাটের দশকে শুরু হওয়া রূপপুর প্রকল্পটি কেন দশকের পর দশক ধরে ফাইলবন্দি হয়ে আছে, এর ভবিষ্যৎই বা কী—তা পাঠকদের সামনে তুলে ধরাই ছিল তার সেই অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য।
অ্যাসাইনমেন্টের সূত্র ধরে আমি রূপপুর প্রকল্পটির গভীরে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু সেই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা ছাড়া তখন আর কোনো অগ্রগতি ছিল না। ফলে রিপোর্টটি করতে পারলাম না। এরই মধ্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ প্রেস সচিব হিসেবে যোগদান করি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। একদিন দৈনন্দিন কর্মসূচিতে দেখি, রূপপুর প্রকল্পটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করবেন। সভা শুরু হলে প্রকল্পটি আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে নীতিনির্ধারক ও বিজ্ঞানীদের মধ্যে চলছিল চুলচেরা পর্যালোচনা। কিন্তু শেষ পর্যন্ত সে সময় প্রকল্পটি অনুমোদন পায়নি। এর কারণ সভায় দুটি বড় যুক্তি সামনে এসেছিল। প্রথমত, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ, যেখানে পারমাণবিক স্থাপনার নিরাপত্তাঝুঁকি সামলানো কঠিন হতে পারে। দ্বিতীয়ত, এমন বিশাল ও স্পর্শকাতর প্রকল্প পরিচালনার মতো বিজ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা তখনো আমাদের পুরোপুরি গড়ে ওঠেনি।
সাংবাদিকতা পেশায় ফিরে আসার পর অনেকবারই আমার মনে হয়েছে, হুমায়ুন ভাইয়ের দুটি অ্যাসাইনমেন্ট করা হয়নি; যেকোনো ফাঁকে রিপোর্টগুলো করতে হবে। কিন্তু নানা ব্যস্ততা, সময়ের স্রোত আর প্রকল্পটির স্থবিরতার কারণে হুমায়ুন ভাইয়ের দেওয়া সেই বিশেষ রিপোর্টটি শেষ পর্যন্ত আর করা হয়ে ওঠেনি। পেশাগত জীবনের বহু প্রতিবেদন লিখলেও এই অ্যাসাইনমেন্ট না করতে পারার আক্ষেপ মনের কোণে রয়েই গিয়েছিল।
এরপর পদ্মায় অনেক পানি গড়িয়েছে। সময়ের বিবর্তনে বাংলাদেশের অর্থনীতি বড় হয়েছে, প্রযুক্তিতে এসেছে আমূল পরিবর্তন আর বেড়েছে আমাদের সক্ষমতা। ১৯৬১ সালে যে রূপপুরের মাটি নির্বাচন করা হয়েছিল, স্বাধীনতার পর সেই স্বপ্ন পুনরুজ্জীবিত করার চিন্তা করা হয় বিভিন্ন সরকারের আমলে। নানা চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় প্রকল্পটি শুরু করা হয়, যদিও বিশাল অঙ্কের টাকা লুটপাট করাও ছিল এ প্রকল্প শুরু করার তৎকালীন সরকারের অন্যতম একটি উদ্দেশ্য। যাই হোক, ২০২৬ সালের এই নভেম্বরে এসে তা পূর্ণতা পেল। আধুনিক প্রযুক্তির সর্বাধুনিক নিরাপত্তাব্যবস্থা আমাদের ঘনবসতিপূর্ণ দেশের পুরোনো শঙ্কাকে অতিক্রম করে প্রকল্পটি আলোর মুখ দেখল। রূপপুরের স্বপ্নপূরণে লাগল দীর্ঘ ৬৫ বছর।
আজ যখন সংবাদপত্রের পাতায় রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার খবর দেখছি, তখন সবচেয়ে বেশি মনে পড়ছে হুমায়ুন ভাইকে। কয়েক বছর আগে তিনি না ফেরার দেশে চলে গেছেন। আজ তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই ভীষণ খুশি হতেন। তিন দশক পেরিয়ে এক ঐতিহাসিক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ পরম তৃপ্তি নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করছে—‘হুমায়ুন ভাই, আপনার সেই অ্যাসাইনমেন্টটা হয়তো করতে পারিনি। তবে রূপপুর আলোর মুখ দেখেছে এবং এ প্রকল্প নিয়ে আমি লিখেছি। রূপপুর আজ কেবল স্বপ্ন নয়, রূপপুর আজ বাংলাদেশের আলো।’





























