বিএনপির সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তাদের মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের হুবহু ফটোকপি দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রশ্ন তোলেন, অতীতে যারা নিজেরা মজলুম ছিলেন, তারা এখন কেন জালিমের ভূমিকা গ্রহণ করতে যাচ্ছেন।
রবিবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে লেবার পার্টি আয়োজিত ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে নতুন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আগের ফ্যাসিস্টরা যা করেছিল, হুবহু তারই একটি রূপান্তর এখন দেখা যাচ্ছে।
বিএনপি নেতাদের অতীত ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, তারা নিজেরাই একসময় ধানখেত ও পাটখেতে আত্মগোপন করে থাকার কথা বলতেন। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর তারা সেই কষ্টের স্মৃতি ভুলে গেছেন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের স্বভাবগুলো এখন নিজেদের মধ্যে ধারণ করছেন। জনগণের ইচ্ছাকে যারা অবজ্ঞা করে, মানুষ তাদের অন্তর থেকে প্রত্যাখ্যান করে উল্লেখ করে তিনি বলেন, এমন আচরণের কারণে অতীতে অনেকেই শেষ পর্যন্ত দেশে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
নির্বাচন কমিশনে বিএনপির একজন কর্মীকে চুক্তিভিত্তিক অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য নিয়োগ দেওয়ার তীব্র সমালোচনা করেন শফিকুর রহমান। কী উদ্দেশ্যে তাকে সেখানে বসানো হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি। এছাড়া হবিগঞ্জে কিশোর আলিফ হোসেনের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, চোখ তো শেষ করেছিল শেখ হাসিনা, আপনারা আবার কেন তা শুরু করলেন? আপনারা কি সেই চোখ ফিরিয়ে দিতে পারবেন? কখনোই পারবেন না।
একই সভায় প্রধান আলোচকের বক্তব্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘জুলাই জাতীয় সনদ’ মেনে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কেউ আজীবন কোনো পদে থাকে না। প্রধানমন্ত্রী দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না—এই সংস্কার ছাড়া অন্য কোনো সংস্কারে আপত্তি থাকার কোনো কারণ নেই।
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের চিত্র তুলে ধরে তারেক রহমান সরকারকে ব্যর্থ বলে আখ্যা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বারবার হামলা করে কোনো লাভ হবে না। প্রয়োজনে জেলে বা কবরে যাবেন, তবুও তারা মাথা নত করবেন না।
সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ১৯৭১ এবং ২০২৪ সালের চেতনাকে অভিন্ন উল্লেখ করে অবিলম্বে গণভোটের ফল বাস্তবায়নের দাবি জানান। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইযহার, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।





























