রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের চালানো ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই হামলায় রাশিয়ার শিল্প স্থাপনা ও ই-কমার্স জায়ান্ট ওয়াল্ডবেরিসের একটি গুদামেও আঘাত করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়ার আমাজন হিসেবে পরিচিত ওয়াল্ডবেরিসের ডিপোগুলোতে গত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ডজনেরও বেশি হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের এই আকাশপথের অভিযানের লক্ষ্য হলো মস্কোর যুদ্ধ প্রচেষ্টাকে দুর্বল করা, অর্থনীতিতে আঘাত করা এবং ক্রেমলিনের আগ্রাসনের পরিণাম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতের বেলা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬৩৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে অধিকৃত ক্রিমিয়া এবং কৃষ্ণ ও আজভ সাগরের ওপর থাকা ড্রোনগুলোও অন্তর্ভুক্ত। তবে কতগুলো ড্রোন ছোড়া হয়েছিল বা কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সে বিষয়ে মন্ত্রণালয় কিছু জানায়নি। একই সময়ে ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া ১৩৩টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে, যার মধ্যে ২৪টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। এছাড়া রবিবার দিনের পরবর্তী সময়ে জাপোরিঝিয়া ও খারকিভ শহরে রাশিয়ার পৃথক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।
সামারা অঞ্চলে ওয়াল্ডবেরিসের একটি গুদামে ড্রোন হামলা চালানো হয়েছে, যা রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ জানিয়েছেন, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত ১৮ জুলাই থেকে কিয়েভ ওয়াল্ডবেরিসের বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে, যার মধ্যে ইলেকট্রোস্টাল ও তাম্বভ অঞ্চলের কেন্দ্রগুলো রয়েছে। পশ্চিম ও দক্ষিণ রাশিয়া এবং ক্রিমিয়াজুড়ে এসব হামলায় অন্তত নয়জন নিহত ও অনেকে আহত হয়েছেন।
সারাতভ অঞ্চলে একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে দুইজন নিহত হন। স্থানীয় গভর্নর রোমান বুসারগিন জানান, এ হামলায় এঙ্গেলস ও সারাতভ শহরের বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এঙ্গেলসে একটি সামরিক বিমানঘাঁটি রয়েছে এবং সারাতভে একটি বড় তেল শোধনাগার অবস্থিত। অন্যদিকে বাশকোর্তোস্তান অঞ্চলের উফা শহরে শিল্প স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছেন গভর্নর রাদিয় খাবিরভ। উদমুর্ত প্রজাতন্ত্রে ড্রোন হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আঞ্চলিক প্রধান ওলগা আব্রামোভা। তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করলেও একটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে রাশিয়ার গাইডেড বোমার আঘাতে একজন নিহত হয়েছেন এবং খারকিভের উপকণ্ঠে একটি ডাক টার্মিনালে হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।




























