রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে আইন অমান্য ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে মোট ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন বিভাগের পরিসংখ্যান হলো: রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৭১ জন, গোয়েন্দা বিভাগে ৬ জন এবং সিটিটিসি বিভাগে ২ জন।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ বোতল ফেন্সিডিল। এছাড়া ১টি ওয়ান শাটারগান, ১টি সামুরাই এবং ১৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১ হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।






























