মাদক ব্যবসায় জড়িত মূলহোতাদের চিহ্নিত করতে নির্মোহভাবে একটি তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত ‘মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টাস্কফোর্সের মাধ্যমে এই তালিকা প্রস্তুত করা হবে এবং এর ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার আগ্রাসনে যুবসমাজ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। মাদকের বিস্তার রোধ করা বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকারের মধ্যে অন্যতম। কক্সবাজার জেলায় মাদক প্রতিরোধে সশস্ত্রবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের সিদ্ধান্তগুলো তিনি সভায় তুলে ধরেন। তিনি আরও জানান, মাদক চোরাচালানের রুটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হবে এবং সমতলের পাশাপাশি জলপথেও নেভি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হবে। এছাড়া মাদক চোরাচালানে বাহক হিসেবে কাজ করা ব্যক্তিদেরও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।
উক্ত সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না ও জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কার্যালয় পরিদর্শন এবং কউকের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন করবেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এবং উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। শুক্রবার দুপুরে হিলডাউন সার্কিট হাউসে মতবিনিময় শেষে সন্ধ্যায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সূত্র: Dhaka Post





























