দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ ভারতের রাজস্থান থেকে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর অপর অংশটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বিরাজ করছে।
পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকাতেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রার বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: যুগান্তর
































