রাজধানীর মিরপুরের পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে বিএনপির এক কর্মীসহ দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে মো. আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত আলমগীরের চাচা মোহাম্মদ আশিক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আলমগীর। এ সময় স্থানীয় যুবলীগের রুবেল ও বাপ্পাসহ চারজন একটি প্রাইভেটকারে চড়ে সেখানে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তারা আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যান। ঘটনার পর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান পাছায় গুলি লেগেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির কর্মী হিসেবেও সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি মিরপুর-১১ নম্বর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর এলাকা থেকে এক বিএনপি কর্মী ও এক নারী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। আলমগীরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে, গুলিবিদ্ধ অপর নারী অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
























