রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের সুবিধাভোগীরা সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, এই চক্রটি কৌশলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অবস্থায় দেশ পেয়েছে। দায়িত্ব গ্রহণের সময় দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মতো নানা সংকট মোকাবিলা করতে হয়েছে। তবে এসব সমস্যা কাটিয়ে দেশকে এগিয়ে নিতে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের বিষয়টি অস্বীকার না করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে যেসব অপরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছিল, তার খেসারত এখন সরকার, দেশ ও দেশের মানুষকে দিতে হচ্ছে। এই সংকট মোকাবিলায় বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তারেক রহমান আরও বলেন, সরকার ইতিবাচক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার এই সংকট নিরসনে দৃঢ়প্রতিজ্ঞ এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।






























