মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চ যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনেটে অনুমোদিত হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তার পদ নিয়ে রিপাবলিকান সিনেটর এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে চলা দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটল। গত এপ্রিল মাস থেকেই ব্লাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ওভারনাইট ভোটাভুটিতে ৫০-৪৯ ভোটে তার নিয়োগ নিশ্চিত হয়। ভোটাভুটিতে সুজান কলিন্স এবং লিসা মারকাউস্কি নামে দুই রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে ব্লাঞ্চের নিয়োগের বিপক্ষে ভোট দেন। লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি নিয়োগের ক্ষেত্রে নির্ণায়ক ভোটটি প্রদান করেন। ওয়াশিংটনের রাজনৈতিক মহলে তার এই সিদ্ধান্ত বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে।
নিয়োগের পর টড ব্লাঞ্চ এক প্রতিক্রিয়ায় জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাতে তিনি গভীরভাবে সম্মানিত। এর আগে, সরকারি নিপীড়নের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণের জন্য একটি তহবিল গঠনের পরিকল্পনা ছিল ব্লাঞ্চের। তবে লিসা মারকাউস্কিসহ সমালোচকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, এই অর্থ ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে হামলায় জড়িতদের দেওয়া হতে পারে। পরবর্তীতে রিপাবলিকান সিনেটরদের চাপের মুখে ব্লাঞ্চ এই তহবিল গঠনের পরিকল্পনা থেকে সরে আসার প্রতিশ্রুতি দেন। তবে এই প্রতিশ্রুতি আইনগতভাবে বাধ্যতামূলক কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
ব্লাঞ্চের নিয়োগ নিয়ে উদ্বেগের কারণে সুজান কলিন্স এবং লিসা মারকাউস্কি শুরুতে তাকে সমর্থন দিতে দ্বিধাবোধ করেছিলেন। মারকাউস্কি শুক্রবার জানিয়েছিলেন যে, তিনি ব্লাঞ্চের নিয়োগের বিরোধিতা করবেন, কারণ বিচার বিভাগকে রাজনৈতিকরণের বিষয়ে তার যথেষ্ট উদ্বেগ রয়েছে। এছাড়া, প্রশাসনের চরমপন্থা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্লাঞ্চের সক্ষমতা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছিলেন। অন্যদিকে, সুজান কলিন্স ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের আইআরএস মামলা নিষ্পত্তিতে ব্লাঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত তাকে প্রেসিডেন্টকে নিরপেক্ষ আইনি পরামর্শ দেওয়ার বিষয়ে বিশ্বাস রেখেছেন।
নির্ণায়ক ভোট দেওয়ার আগে বিল ক্যাসিডি জানান, প্রেসিডেন্ট যে প্রার্থীদের নাম প্রস্তাব করেছিলেন, তাদের মধ্যে ব্লাঞ্চই সবচেয়ে উপযুক্ত বলে তিনি মনে করেন। তিনি বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর কোনো গণভোট নয়, বরং নির্দিষ্ট পরিস্থিতিতে ব্লাঞ্চের বিষয়ে নেওয়া একটি সিদ্ধান্ত। ক্যাসিডি স্বীকার করেন যে, বিচার বিভাগের দিকনির্দেশনার ক্ষেত্রে ট্রাম্পই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী, তবে সিনেটের এই অনুমোদন ব্লাঞ্চকে প্রয়োজনীয় কাজগুলো এগিয়ে নিতে বাড়তি সক্ষমতা দেবে। উল্লেখ্য, ২০২১ সালে ক্যাপিটল দাঙ্গার ঘটনায় ট্রাম্পের অভিশংসনের সময় ক্যাসিডি তাকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দিয়েছিলেন।
এদিকে, সিনেট ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ব্লাঞ্চের নিয়োগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন যে, এই নিয়োগ ট্রাম্পের দুর্নীতি অব্যাহত রাখার সুযোগ করে দেবে। অপরদিকে, রিপাবলিকানরা এই জয়কে স্বাগত জানিয়েছেন। সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি এক্সে লিখেছেন, নিয়োগ প্রক্রিয়ার পুরো সময়জুড়ে ব্লাঞ্চ অসাধারণ ধৈর্য এবং দৃঢ়তার পরিচয় দিয়েছেন এবং তিনি যে যোগ্য, তাতে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, পাম বন্ডিকে বরখাস্ত করার পর এপ্রিল মাসে ব্লাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।































