দুবাই পুলিশ সম্প্রতি এক মোটরসাইকেল চালককে আটক করেছে, যিনি ঘণ্টায় ২৯০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালিয়ে বিপজ্জনক স্টান্ট প্রদর্শন করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ওই চালক এক চাকার ওপর ভর করে মোটরসাইকেল চালাচ্ছেন এবং যানবাহনের মাঝ দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে লেন পরিবর্তন করছেন। দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ব্রিগেডিয়ার জুমা সালেম বিন সুওয়াইদান জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ড ট্রাফিক আইন এবং জননিরাপত্তার প্রতি চরম অবজ্ঞার শামিল।
আইনি পদক্ষেপের অংশ হিসেবে পুলিশ ওই মোটরসাইকেলটি জব্দ করেছে। ২০২৩ সালের স্থানীয় ডিক্রি নং ৩০ অনুযায়ী, জব্দকৃত মোটরসাইকেল ছাড়িয়ে নিতে চালককে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা গুনতে হবে। এছাড়া, ওই চালককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রিগেডিয়ার বিন সুওয়াইদান সতর্ক করে বলেন, এই ধরনের আচরণ কেবল সাধারণ ট্রাফিক আইন লঙ্ঘন নয়, বরং এটি চরম দায়িত্বজ্ঞানহীনতা যা কয়েক সেকেন্ডের মধ্যে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। তিনি ব্যাখ্যা করেন, ২৯০ কিলোমিটারের বেশি গতিতে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি দীর্ঘ পথ ছিটকে যেতে পারে, যা চালকের জন্য মৃত্যু, গুরুতর জখম কিংবা স্থায়ী পঙ্গুত্বের ঝুঁকি তৈরি করে।
তিনি আরও বলেন, “এক চাকার ওপর মোটরসাইকেল চালানো সবচেয়ে বিপজ্জনক স্টান্টগুলোর একটি। এটি মোটরসাইকেলের ভারসাম্য নষ্ট করে এবং চালকের স্টিয়ারিং ও ব্রেকিং নিয়ন্ত্রণ কমিয়ে দেয়। এছাড়া রাস্তায় কোনো ছোট বাধা, বাতাসের ঝাপটা বা রাস্তার অবস্থার সামান্য পরিবর্তনেও মোটরসাইকেলটি হঠাৎ পিছলে যাওয়ার বা দিক পরিবর্তনের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়।”
ব্রিগেডিয়ার বিন সুওয়াইদান স্পষ্টভাবে জানিয়েছেন, দুবাই পুলিশ এ ধরনের বেপরোয়া কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করবে না। তিনি জানান, পুলিশের স্মার্ট সিস্টেম এবং মাঠ পর্যায়ের এনফোর্সমেন্ট টিম যেকোনো অপরাধীকে শনাক্ত ও আটক করতে সক্ষম।
সূত্র: Gulf Today
































