সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও ভূমি উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। গত রোববার ভোরে দুটি ট্যাংক ও তিনটি সামরিক যান সামাদানিয়াহ এলাকায় প্রবেশ করে প্রায় এক ঘণ্টা টহল দেয়। এরপর যানগুলো পুনরায় ইসরায়েলি ঘাঁটির দিকে ফিরে যায়। সাম্প্রতিক সময়ে আইন জিওয়ান, রাফিদ এবং ইয়ারমুক অববাহিকার কাছাকাছি এলাকায় এমন বেশ কয়েকটি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, যেখানে বুলডোজার দিয়ে স্থানীয় জমি ও চারণভূমি ধ্বংস করা হয়েছে।
অভিযানের সময় ওই এলাকার একটি সড়ক সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। ভারী সামরিক যানের চলাচলের কারণে ওয়াদি আল-রুক্কাদের ওপর নির্মিত সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, হিজবুল্লাহ বা ইরান এই অঞ্চলে বিস্ফোরক পুঁতে রাখতে পারে—এমন আশঙ্কায় তারা একে “সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা” হিসেবে দেখছে। তবে স্থানীয় বাসিন্দারা স্পষ্টভাবে জানিয়েছেন, ওই এলাকায় এ ধরনের কোনো সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব নেই।
সূত্র: ডেইলি বাংলাদেশ






























