মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে শূন্যরেখায় কাজ করার সময় আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকালে ১২৪/৪-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান ইছাখালী গ্রামের মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে। তার নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তার দাদা বাড়ির পাশের মরিচের জমিতে কীটনাশক দিতে গিয়েছিলেন। তখনই বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে তারা ১২৩/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন। পরে গ্রামবাসী আটককৃত ওই দুই ভারতীয় নাগরিককে ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান সীমান্তের শূন্যরেখায় ভারতীয় কৃষিজমিতে কাজ করছিলেন। বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যাওয়ার পর স্থানীয়রা পাল্টা ব্যবস্থা হিসেবে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ভারতীয় কৃষি জমিতে কাজ করার সময় বিএসএফ একজনকে ধরে নিয়ে গেছে। এরপর বাংলাদেশের পক্ষ থেকে দুই ভারতীয় নাগরিককে ধরে আনা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে।




























