উচ্চশিক্ষায় তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণামুখী করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। বুধবার (১২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এ তথ্য জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে ‘দ্য মডার্ন সোশ্যাল সায়েন্টিস্টস: ন্যাভিগেটিং রিসার্চ, টিচিং অ্যান্ড একাডেমিক গ্রোথ’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, উচ্চশিক্ষায় জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে বর্তমানে 'হিট' প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তরুণ শিক্ষকদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণের পাশাপাশি গবেষণা অনুদান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং ফ্যাকাল্টি এক্সচেঞ্জ কর্মসূচিতে তরুণ শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সামার স্কুল ও ইয়ং স্কলার্স প্রোগ্রামের মতো সময়োপযোগী কর্মসূচিতেও তাদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার দেশে একটি জ্ঞান ও দক্ষতাভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে তরুণ শিক্ষকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাদের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হলে দেশের গবেষণা ও উচ্চশিক্ষার সার্বিক মান আরও উন্নত হবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের মান ও মর্যাদা বৃদ্ধি করতে হলে শিক্ষকদের অবশ্যই আন্তর্জাতিক মানের গবেষণার দিকে মনোনিবেশ করতে হবে। শুধুমাত্র গবেষণাপত্র প্রকাশ করলেই হবে না, বরং সাইটেশন বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। মানসম্মত গবেষণার মাধ্যমেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং বৈশ্বিক র্যাঙ্কিংয়েও এর ইতিবাচক প্রভাব পড়ে।
গবেষণার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং তহবিল সংগ্রহের গুরুত্ব তুলে ধরেন অধ্যাপক আবদুস সালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠে পরিণত করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






























