টাটা সন্সের শীর্ষ নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নটরাজন চন্দ্রশেখরণ। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর এই পদে থাকতে চান না বলে জানিয়েছেন। গত ১৮ আগস্ট অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগেই নিজের এই সিদ্ধান্তের কথা পরিচালনা পর্ষদকে জানিয়ে দেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানের নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়াটি যেন মসৃণ হয়, সেজন্য দ্রুত নতুন উত্তরসূরি খুঁজে নেওয়ার অনুরোধও করেছেন চন্দ্রশেখরণ।
দীর্ঘ এক দশক ধরে টাটা সন্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা চন্দ্রশেখরণ প্রায় ৪০ বছর ধরে টাটা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন। তার এই আকস্মিক পদত্যাগের পেছনে শেয়ারহোল্ডারদের অসন্তোষ এবং টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটার সঙ্গে নীতিগত মতবিরোধকে প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। জানা গেছে, চন্দ্রশেখরণের মেয়াদ বাড়ানোর বিষয়ে নোয়েল টাটা সমর্থন দেননি। পরিচালনা পর্ষদে সর্বসম্মত সিদ্ধান্ত না হওয়ায় তিনি নিজেই সসম্মানে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
মূলত টাটা সন্স ও টাটা ট্রাস্টের মধ্যে পর্ষদের প্রতিনিধিত্ব, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং শাপুরজি পালোনজি গ্রুপের শেয়ার বিক্রির প্রস্তাব নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল। তবে চন্দ্রশেখরণের নেতৃত্বেই এয়ার ইন্ডিয়ার সংকট এবং টিসিএসের কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠেছিল টাটা গ্রুপ।
এদিকে চন্দ্রশেখরণের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই শেয়ার বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছে টাটা গ্রুপ। টিসিএস, টাটা স্টিল এবং টাটা পাওয়ারের মতো গ্রুপটির প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে বড় পতন লক্ষ্য করা গেছে।






























