জর্ডানের রাজধানী আম্মানের কেন্দ্রস্থলে বুধবার ভিক্ষাবৃত্তির অভিযোগে এক নারীকে আটক করেছে দেশটির সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জননিরাপত্তা অধিদপ্তরের যৌথ দল। আটকের সময় ওই নারীর কাছে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার সমমূল্যের অর্থ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘ সময় ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন এবং নিয়মিত তা বৈদেশিক মুদ্রায় রূপান্তর করে আসছিলেন।
সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আটককৃত নারীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তে আরও উঠে এসেছে যে, ওই নারী এর আগেও ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন। মন্ত্রণালয় জানিয়েছে, ভিক্ষুকরা অনেক সময় অসুস্থতার ভান বা আর্থিক সংকটের নাটক সাজিয়ে মানুষের সহানুভূতি অর্জনের চেষ্টা করে থাকে।
এ ধরনের কর্মকাণ্ড রোধে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, সরাসরি ভিক্ষুকদের হাতে অর্থ সহায়তা না দিয়ে সরকারিভাবে অনুমোদিত দাতব্য সংস্থা বা প্রতিষ্ঠানের মাধ্যমে দান করা উচিত। এছাড়া, ভিক্ষাবৃত্তি সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে মন্ত্রণালয়ের হটলাইন নম্বর অথবা দেশজুড়ে সক্রিয় থাকা বিশেষ কমিটির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: Gulf Today






























