পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে নিহত এক পর্বতারোহীর মরদেহ প্রায় দুই সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের একটি দল বৃহস্পতিবার মরদেহটি খুঁজে পায়। নিহত ওই পর্বতারোহীর নাম সোহেল সাখি। তিনি গত ৩০ জুলাই থেকে নিখোঁজ ছিলেন, যখন প্রখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার নেতৃত্বে ১০ সদস্যের একটি আন্তর্জাতিক অভিযাত্রী দল বেসক্যাম্পের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সবচেয়ে ভয়াবহ এই পর্বতারোহন দুর্ঘটনায় ১০ জন পর্বতারোহীই নিহত হয়েছেন। এখন পর্যন্ত সোহেল সাখিসহ মোট আটজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবকদের একটি দল প্রথমে সোহেল সাখির মরদেহ খুঁজে পাওয়ার পর, অন্যান্য উদ্ধারকারীরা তাদের সঙ্গে যোগ দিয়ে মরদেহটি বেসক্যাম্পে নিয়ে আসতে সহায়তা করেন।
পাকিস্তান আলপাইন ক্লাবের তথ্য অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে হেলিকপ্টারের মাধ্যমে মরদেহটি একটি আঞ্চলিক বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই উদ্ধার অভিযানের দুই দিন আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পর্বতারোহী, কূটনীতিক এবং সুশীল সমাজের সদস্যরা নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছিলেন।
উল্লেখ্য, এই আন্তর্জাতিক অভিযাত্রী দলে নেপাল, ওমান, পাকিস্তান, চীন, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের পর্বতারোহীরা ছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০৫১ মিটার (২৬,৪১৪ ফুট) উচ্চতার ব্রড পিক কারাকোরাম পর্বতশ্রেণীর একটি অংশ এবং এটি বিশ্বের ১২তম সর্বোচ্চ পর্বত। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু’র কাছাকাছি অবস্থিত। পাকিস্তানের উত্তরাঞ্চল বিশ্বের অন্যতম উচ্চ পর্বতগুলোর আবাসস্থল হওয়ায় সেখানে পর্বতারোহন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।






























