যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো একটি মাল্টি-ডোমেইন ও বহুজাতিক অ্যাটাক ড্রোন টাস্কফোর্স গঠন করেছে। 'টাস্কফোর্স ফ্যালকন স্ট্রাইক' নামে পরিচিত এই নতুন ইউনিটটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সেন্টকম জানিয়েছে, এই টাস্কফোর্স আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং সমুদ্রের তলদেশের মানববিহীন সিস্টেম ব্যবহার করে একমুখী আক্রমণ চালাতে সক্ষম হবে। এই বিশেষায়িত ইউনিটটি যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশের সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত হবে।
এর আগে নয় মাস আগে সেন্টকম মধ্যপ্রাচ্যে প্রথম ড্রোন স্কোয়াড্রন 'টাস্কফোর্স স্করপিয়ন স্ট্রাইক' চালু করেছিল। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, 'টাস্কফোর্স ফ্যালকন স্ট্রাইক' আগের স্কোয়াড্রনের সাফল্যের ওপর ভিত্তি করে তাদের কার্যক্রম সম্প্রসারিত করবে। তিনি আরও বলেন, আঞ্চলিক মিত্র ও অংশীদারদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে এবং নতুন প্রযুক্তিগুলো একত্রে মোতায়েন করার মাধ্যমে আমরা দ্রুত নতুন সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।
সেন্টকম জানিয়েছে, তারা এই উদ্যোগে যোগদানের জন্য আঞ্চলিক অংশীদারদের সাথে নিয়মিত পরামর্শ করছে। অ্যাডমিরাল কুপার জোর দিয়ে বলেন যে, আঞ্চলিক বন্ধু ও অংশীদারদের সাথে নিয়ে কাজ করলে তারা সম্মিলিতভাবে আরও শক্তিশালী অবস্থানে থাকবে। এই নতুন টাস্কফোর্সের নেতৃত্ব প্রদান করবে ইউএস স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রালের (এসওসিসিইএনটি) কর্মীরা, যারা এর আগে 'স্করপিয়ন স্ট্রাইক' পরিচালনার দায়িত্বে ছিল।































