মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি তুরস্কের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্প্রতি তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দেওয়া মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে আবদেলাত্তি বলেন, ট্রাবজোনস্পোরের তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহকে তুরস্কের মানুষ যেভাবে বরণ করে নিয়েছে, তা আমাদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। হাকান ফিদান বর্তমানে মিশরে রাষ্ট্রীয় সফরে রয়েছেন।
বদর আবদেলাত্তি আরও বলেন যে, তুরস্ক ও মিশরের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও দেশ দুটির মধ্যে ঐকমত্য রয়েছে। তিনি সিরিয়ার সার্বভৌমত্বের ওপর ইসরায়েলের সব ধরনের হামলার নিন্দা জানিয়ে এর বিরোধিতা করেন। এছাড়া সুদানের ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখার বিষয়ে তুরস্কের অবস্থানের সঙ্গে মিশর পূর্ণ একমত পোষণ করে এবং দেশটির যেকোনো ধরনের বিভাজন প্রত্যাখ্যান করে।
গাজা পরিস্থিতি নিয়ে আবদেলাত্তি বলেন, গাজার ফিলিস্তিনি গোষ্ঠীগুলো অস্ত্র সংবরণ এবং রাজনৈতিক প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করেছে। এখন ইসরায়েলকেও তাদের ওপর অর্পিত বাধ্যবাধকতা পূরণ করতে হবে।































