চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে গ্যাস না পাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। শুক্রবার ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় অবস্থান নেওয়ায় মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে সকাল থেকেই ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা গ্যাস পাচ্ছেন না। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়ে স্টেশন কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় তারা এই পথ বেছে নিয়েছেন। চালকদের দাবি, গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, চালকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।
চালকদের সরানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সূত্র: মানবজমিন
































