কোপা ইতালিয়ার ম্যাচে বেনেভেন্তোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ফিওরেন্টিনা। এই ম্যাচ দিয়েই ক্লাবটির হয়ে অভিষেক হয়েছে রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুওনোর। এদিকে দিনের অন্য ম্যাচে গুস্তাভো ভারেলার জোড়া গোলে আভেলিনোকে ৩-০ ব্যবধানে হারিয়ে সহজ জয় পেয়েছে মনজা।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ফিওরেন্টিনা। মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় আর্থার আত্তার চমৎকার ক্রসে হেডের মাধ্যমে গোল করে দলকে এগিয়ে নেন আলবার্ট গুডমুন্ডসন। এরপর জোয়াও মারিওর ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন মইসে কিন। ম্যাচের তৃতীয় গোলটি আসে কর্নার থেকে, যেখানে রাডু ড্রাগুসিনের হেড থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি লুকা রানিয়েরি।
ডি-বক্সের ঠিক ভেতরে মার্কো ব্রেসিয়ানিনির পাস নিয়ন্ত্রণে নিয়ে চের এনডুর প্রতিপক্ষকে বোকা বানিয়ে বাম পায়ের জোরালো শটে গোল করে ব্যবধান ৪-০ করেন। বেনেভেন্তোর হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন ডাভিদে লামেস্তা, যার নিচু শটটি ফিওরেন্টিনা গোলরক্ষক ডেভিড দে হেয়াকে পরাস্ত করে জালে জড়ায়।
নিজের ১৯তম জন্মদিনে ফিওরেন্টিনার হয়ে অভিষেক হওয়া মাস্তানতুওনো ম্যাচের শেষ আধ ঘণ্টার জন্য মাঠে নামেন। মাঠে নেমেই চমৎকার এক বাঁকানো শটে গোল করার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি, তবে বলটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরবর্তী রাউন্ডে পিসা অথবা এম্পোলির মুখোমুখি হবে ফিওরেন্টিনা।
অন্যদিকে, আভেলিনোর বিপক্ষে সহজ জয় পেয়েছে মনজা। দলের হয়ে প্রথম দুটি গোলই করেন নতুন চুক্তিভুক্ত গুস্তাভো ভারেলা। দুটি গোলের পেছনেই অবদান ছিল সাবেক এসি মিলান স্ট্রাইকার প্যাট্রিক কুত্রোনের। কুত্রোনের সহায়তায় মনজার হয়ে তৃতীয় গোলটি করেন ওমারি ফরসন। কুত্রোনে নিজেও একবার বল জালে পাঠিয়েছিলেন, তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। পরবর্তী রাউন্ডে তোরিনো অথবা কারারেসের মুখোমুখি হবে মনজা।



























