সারা দেশে নতুন করে বাড়তি অবকাঠামো নির্মাণ না করে বিদ্যমান ক্রীড়া স্থাপনাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৪ আগস্ট) ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ ‘দ্য স্পোর্টিভা’র উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, গত ১২ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে, বিদ্যমান অবকাঠামোগুলো স্বয়ংসম্পূর্ণ করার পরই কেবল নতুন করে ক্রীড়া অবকাঠামো তৈরির বিষয়টি বিবেচনা করা যাবে।
আমিনুল হক বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। জমি অধিগ্রহণের ব্যয়বহুল প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত ৮ বিঘার চেয়ে কিছুটা ছোট জমি পাওয়া গেলেও সেটিকে মাঠ হিসেবে প্রস্তুত করার উদ্যোগ নিতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক ও সংসদ সদস্যদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সিলেট থেকে একযোগে ৬৪ জেলায় যে ক্রীড়া আসরের উদ্বোধন করেছিলেন, তা গত ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। বর্তমানে ১০টি ইভেন্ট সামনে রেখে দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহকে নারী ক্রীড়াবিদ তৈরির উর্বর ক্ষেত্র হিসেবে অভিহিত করে ধোবাউড়ার কলসিন্দুরের মেয়েদের প্রশংসা করেন আমিনুল হক। তিনি জানান, শিগগিরই প্রধানমন্ত্রী তার বাসভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল, নারী হকি দল, ক্রিকেট দল এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টসে’ পুরস্কারপ্রাপ্ত কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।



























