আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। রোববার সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, চিকিৎসক সংকট নিরসনে দ্রুত ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
পরিদর্শনের শুরুতে মন্ত্রী মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ, টিকা কার্যক্রম, রান্নাঘর, খাবারের মান, শৌচাগার ও স্টোররুমসহ সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি চিকিৎসক, নার্স ও কর্মীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে ১০ জন জনবল নিয়োগ, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর সংকট নিরসন, অপারেশন থিয়েটার নিয়মিত চালু রাখা এবং গাইনি, সার্জারি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানান। স্বাস্থ্যমন্ত্রী এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে মহেশপুরবাসীর চিকিৎসাসেবার মান উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শহিদুল ইসলাম মাস্টারের কবর জিয়ারত করেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ




























