বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হয়েছে। এই সময়কালকে সরকারের সাফল্যের একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, গত ছয় মাসে দেশে নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সরকার এখন ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করছে। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও জানান, অভ্যন্তরীণ বিষয়ে এখন আর বাইরের কারও হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনৈতিক হয়রানিমুক্ত করে গড়ে তোলা হয়েছে। গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে উল্লেখ করে তিনি দাবি করেন, নির্বাচনের কালি শুকানোর আগেই ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে এবং প্রতিটি প্রতিশ্রুতি পূরণে সরকার নিরলস কাজ করছে।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মাহদী আমিন জানান, ২০০টি ইলেকট্রনিক বাস আমদানির প্রক্রিয়া চলছে। পাশাপাশি অর্থনীতিতে সংস্কার আনা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর এই ছয় মাসে সরকার সব মানুষের বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে সক্ষম হয়েছে।




























