আবুধাবির ফ্যামিলি, সিভিল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কেসেস কোর্ট এক ব্যক্তিকে ৪,০০০ দিরহাম ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। অসতর্ক ও বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর দায়ে আদালত এই রায় দেয়। দুর্ঘটনায় ভুক্তভোগী চার ব্যক্তি ওই চালকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।
মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত চালক রাস্তার হার্ড শোল্ডার ব্যবহার করে অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় নারী ও শিশু বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ভুক্তভোগীরা তাদের শারীরিক ও মানসিক ক্ষতির জন্য ১,০০,০০০ দিরহাম ক্ষতিপূরণ, ৯ শতাংশ আইনি সুদ এবং মামলার খরচ ও আইনজীবীর ফি দাবি করেছিলেন।
আদালত দুর্ঘটনার রিপোর্ট ও প্রমাণাদি পর্যালোচনা করে নিশ্চিত হয়েছে যে, অভিযুক্ত চালক তার লেন বজায় না রেখে অবৈধভাবে ওভারটেক করার সময় অন্য গাড়িটিকে ধাক্কা দেন। এর ফলে গাড়িটি উল্টে যায় এবং অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এর আগে এই দুর্ঘটনার জন্য অভিযুক্ত চালককে ১,০০০ দিরহাম জরিমানা করা হয়েছিল, যা তিনি মেনে নিয়েছিলেন এবং এর বিরুদ্ধে কোনো আপিল করেননি। সবশেষে আদালত ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে ৪,০০০ দিরহাম প্রদানের আদেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে।
সূত্র: Gulf Today






























