রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জার্মান ক্লাব শালকে ০৪-এর বিপক্ষে ডাগআউটে চোখে স্পষ্ট আঘাতের দাগ (ব্ল্যাক আই) নিয়ে হাজির হন নতুন কোচ হোসে মরিনহো। রোববার গেলসেনকির্খেনে অনুষ্ঠিত এই ম্যাচের পর ইয়াহু স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ এই মাস্টারমাইন্ড জানান, অনুশীলনের সময় এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তিনি এই আঘাত পেয়েছেন।
মরিনহো জানান, অনুশীলনের সময় একটি বল সরাসরি তাঁর মুখের দিকে চলে আসে। তবে চোখে চশমা থাকার কারণে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি। দ্য সান-এর বরাতে মরিনহো বলেন, "অনুশীলনের সময় মুখে বল লেগেছিল। চোখে চশমা না থাকলে হয়তো এমনটা হতো না। তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।"
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের জন্য গত ২০২৫-২৬ মৌসুমটি ছিল অত্যন্ত বিপর্যয়কর। মৌসুমের শুরুতে জাভি আলোনসো দায়িত্ব নিলেও সিনিয়র খেলোয়াড়দের সাথে বিরোধের জেরে জানুয়ারিতে বরখাস্ত হন তিনি। এরপর আলভারো আরবেলোয়া দায়িত্ব নিলেও দলে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হন। ড্রেসিংরুমে মারামারির ঘটনায় অহেলিয়াঁ চুয়ামেনি এবং ফেদেরিকো ভালভার্দেকে ৫ লাখ ইউরো জরিমানা গুনতে হয়েছিল। এমন পরিস্থিতিতে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে মরিনহোকে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে আনেন। মরিনহোর মূল লক্ষ্য চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আধিপত্য ভেঙে রিয়ালের দুই বছরের ট্রফি খরা দূর করা। এই মিশনে তাঁর দলে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামের মতো তারকারা।
শালকে ০৪-এর বিপক্ষে প্রীতি ম্যাচটিতে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পূর্ণাঙ্গ দল নিয়ে মাঠে নামার সুযোগ পান মরিনহো। ম্যাচে বার্নার্ডো সিলভা ও ইব্রাহিমা কোনাতে শুরু থেকেই খেলেন। ম্যাচের মাত্র ৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। এর ১৪ মিনিট পর আরদা গুলেরের কর্নার থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডিন হুইসেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আলভারো কারেরাসের ক্রস থেকে কার্লোস এসপির হেডে রিয়ালের তৃতীয় গোলটি আসে। এই অর্ধে ক্লাবের রেকর্ড সাইনিং ইয়ান দিওমান্দে এবং মার্ক কুকুরেলা প্রথমবারের মতো রিয়ালের জার্সি গায়ে মাঠে নামেন। আগামী ২২ আগস্ট, শনিবার এসপানিওলের বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচ দিয়ে নতুন মৌসুমের মূল অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ।































