সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের নারী এশিয়া কাপ এবং জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ফিরেছেন টপ-অর্ডার ব্যাটার শারমিন সুলতানা। সোমবার (১৭ আগস্ট) বিসিবি এই স্কোয়াড প্রকাশ করে।
শারমিন সুলতানা সর্বশেষ গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপে খেলা তাজ নেহারের জায়গায় দলে জায়গা পেয়েছেন তিনি। শারমিনকে দলে নেওয়ার বিষয়ে বিসিবির নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, "আমরা তাজকে চেষ্টা করেছিলাম কিন্তু সে ব্যর্থ হয়েছে, যার কারণে আমরা শারমিনকে ফিরিয়ে এনেছি।"
তিনি আরও যোগ করেন, "আমাদের আরেক ওপেনার দোলা (দিলারা আক্তার) রানে নেই, আর এ কারণেই আমরা স্কোয়াডে আরেকজন ওপেনার রাখছি।"
ঘোষিত বাংলাদেশ দলে অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জতি এবং সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। ১৫ সদস্যের স্কোয়াডের অন্য সদস্যরা হলেন—দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
আগামী ২৮ আগস্ট দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পর্দা উঠবে নারী এশিয়া কাপের। টুর্নামেন্টে 'বি' গ্রুপে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।
এশিয়া কাপের পরপরই বাংলাদেশ দল মনোযোগ দেবে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে। আগামী ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে প্রথম কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে উঠলে বাংলাদেশ দল ভারত অথবা জাপানের মুখোমুখি হবে। এরপর সেমিফাইনালের জয়ী দলগুলো স্বর্ণপদক এবং পরাজিত দলগুলো ব্রোঞ্জপদকের লড়াইয়ে নামবে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর।




























