বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছরটি ৯ মাসের একটি অন্তর্বর্তীকালীন অর্থবছর হিসেবে গণ্য হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়কাল কার্যকর হবে, যা প্রতি বছরের ১ এপ্রিল শুরু হয়ে ৩১ মার্চ শেষ হবে।
সরকার এই পরিবর্তনের পেছনে যৌক্তিক কারণ হিসেবে বর্ষাকালের প্রভাবকে চিহ্নিত করেছে। সাধারণত জুলাই-আগস্ট মাসে বর্ষাকাল থাকায় অবকাঠামোগত উন্নয়নকাজে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও প্রকল্পের সময় বৃদ্ধি পায় এবং জনদুর্ভোগের সৃষ্টি হয়। এপ্রিল-মার্চ ভিত্তিক অর্থবছর চালু হলে বর্ষা মৌসুমের আগেই উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার সুযোগ তৈরি হবে বলে সরকার মনে করছে।
এই পরিবর্তনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে। এছাড়া, এই নতুন সময়কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন ও আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রেও সংশ্লিষ্ট পরিবর্তন আনা হবে।






























