ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্সেস ইউজিনি সোমবার জানিয়েছেন যে, তিনি তার প্রথম কন্যা সন্তানের নাম রেখেছেন অ্যাডিলেড এলিজাবেথ অ্যানিনা। গত ৩ আগস্ট পর্তুগালের লিসবনে জন্মগ্রহণকারী এই শিশুকন্যার ওজন ৬ পাউন্ড ৯ আউন্স বা ৩ কিলোগ্রাম। শিশুটি ইউজিনি এবং তার স্বামী জ্যাক ব্রুকসব্যাংকের তৃতীয় সন্তান।
ইনস্টাগ্রামে এই খবর জানিয়ে প্রিন্সেস ইউজিনি লিখেছেন, "দুই সপ্তাহ আগে আজ আমরা আমাদের কন্যাসন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। তারপর থেকে আমাদের সময়টা অত্যন্ত বিশেষ, আরামদায়ক এবং ভালোবাসায় পূর্ণ কাটছে।"
প্রিন্সেস ইউজিনি প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু এবং তার প্রাক্তন স্ত্রী সারাহ ফার্গুসনের ছোট মেয়ে। তিনি রাজা তৃতীয় চার্লসের ভাতিজি। নবজাতক কন্যাটির আগস্ট (৫) এবং আর্নেস্ট (৩) নামে দুই বড় ভাই রয়েছে।
নামকরণের বিষয়ে ইউজিনি জানান, অতীতে এবং বর্তমানে তারা যাদের ভালোবাসেন ও শ্রদ্ধা করেন, তাদের সম্মানে এই নাম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে তার প্রয়াত দাদি রানি দ্বিতীয় এলিজাবেথ। এছাড়া এই নামের মাধ্যমে তাদের ইংরেজি ও পর্তুগিজ ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে। নামটির অনুপ্রেরণা এসেছে রানি অ্যাডিলেড (১৭৯২-১৮৪৯) থেকে, যিনি রাজা চতুর্থ উইলিয়ামের স্ত্রী ছিলেন। এছাড়া পর্তুগালের মারিয়া অ্যাডিলেডের নাম থেকেও এটি অনুপ্রাণিত। অ্যানিনা নামটি রাখা হয়েছে তাদের এক ঘনিষ্ঠ বন্ধুর নামানুসারে।






























