ইন্টার মিলানের তুর্কি মিডফিল্ডার হাকান চালহানোগ্লু জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এবং ইউরোপীয় আসরে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হারের পর অনেকেই মনে করেছিলেন ইন্টার মিলানের পথচলা শেষ হয়ে গেছে। তবে ক্লাবের শক্তিশালী মানসিকতা এবং খেলোয়াড়দের মধ্যকার দীর্ঘদিনের বোঝাপড়া তাদের আবার ট্র্যাকে ফিরিয়ে এনেছে। বিইন স্পোর্টস অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ক্লাবের বর্তমান পরিস্থিতি, কোচ ক্রিস্টিয়ান কিভু এবং সতীর্থদের নিয়ে খোলামেলা কথা বলেছেন।
প্রতিটি দলবদলের মৌসুমেই চালহানোগ্লুর ইন্টার ছাড়ার গুঞ্জন ওঠে, বিশেষ করে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে তার নাম জড়ানো হয়। তবে নেরাজুরিদের প্রতি নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। ইউরোপীয় আসরে পিএসজির কাছে বড় হারের ক্ষত কাটিয়ে উঠে সর্বশেষ স্কুডেত্তো (সিরি এ শিরোপা) জয় করাটা তাদের জন্য কেন অন্যরকম স্পেশাল ছিল, তা অকপটে স্বীকার করেছেন এই তারকা। তিনি বলেন, যা ঘটেছিল তার পর সবাই ভাবছিল ২০২৫ সালে ইন্টারের দিন শেষ। কিন্তু এই দলের মানসিকতা অত্যন্ত দৃঢ়। যেকোনো কঠিন পরিস্থিতিতে আমরা ঘুরে দাঁড়াতে জানি। আমরা অনেক বছর ধরে একসঙ্গে খেলছি এবং কীভাবে পরিস্থিতি সামলাতে হয় তা আমাদের জানা। কোনো কিছু ঠিকঠাক না চললে দল হিসেবে আমরা প্রতিক্রিয়া দেখাতে পারি।
গত গ্রীষ্মে সিমোনে ইনজাগির স্থলাভিষিক্ত হয়ে ইন্টারের কোচের দায়িত্ব নেন ক্রিস্টিয়ান কিভু। সিনিয়র পর্যায়ে প্রধান কোচ হিসেবে তেমন অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি দলটিকে ঘরোয়া ডাবল (সিরি এ এবং কোপ্পা ইতালিয়া) জিতিয়েছেন। সাবেক কোচ ইনজাগির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চালহানোগ্লু বলেন, ইনজাগির ব্যাপারে আমি কোনো খারাপ কথা বলতে পারব না, কারণ তিনিই আমাকে ইন্টারে চেয়েছিলেন। তার কারণেই আমি আজ এখানে এবং একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে আমি তার অধীনে অনেক পরিপক্ক হয়েছি।
তবে বর্তমান কোচ কিভুর কাজের ধরন কিছুটা ভিন্ন বলে উল্লেখ করেন চালহানোগ্লু। তিনি বলেন, কিভুর ক্ষেত্রে বিষয়টি আলাদা। তিনি ফুটবলের চেয়ে মানুষের আবেগ-অনুভূতির বেশি যত্ন নেন। আপনি কেমন অনুভব করছেন তা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং তিনি সব বিষয়েই খোলামেলা। তিনি মাঠে খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাতে ভালোবাসেন। অবশ্যই ম্যাচ ও অনুশীলনে তার নিজস্ব কৌশল রয়েছে, তবে মাঠের বাইরে তিনি একজন ভাই বা বন্ধুর মতো, যার সঙ্গে যেকোনো বিষয় নিয়ে কথা বলা যায়। আমার ব্যক্তিগত অনেক সমস্যা সমাধানে তিনি আমাকে দারুণভাবে সাহায্য করেছেন।
টানা সাফল্যের পর চলমান মৌসুমে ইন্টারের লক্ষ্য কী, জানতে চাওয়া হলে এই মিডফিল্ডার জানান, তাদের লক্ষ্য সবসময় লিগে আধিপত্য বজায় রাখা। ইন্টারে কাটানো পাঁচ বছরে আটটি ট্রফি জয়ের পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন তিনি। যদিও চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারার আক্ষেপ রয়েছে তার, তবুও আবারও স্কুডেত্তো এবং অন্যান্য ট্রফি জয়ের জন্য তারা লড়াই চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ইতালিয়ান লিগ 'সিরি এ' নিয়ে সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেন, সিরি এ অত্যন্ত চমৎকার একটি লিগ। আতালান্তা এবং ফিওরেন্তিনার মতো দলগুলো অনেক ভালো খেলোয়াড় কিনছে। আমার মতে, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ লা লিগার পাশাপাশি সিরি এ বিশ্বের সেরা তিনটি লিগের একটি।
সাক্ষাৎকারের শেষ অংশে একটি মজার খেলায় অংশ নিয়ে চালহানোগ্লু তার স্বপ্নের ফুটবলার তৈরি করেন। তিনি ডান পায়ের জন্য জর্জিনহো, বাঁ পায়ের জন্য মেসি, গতির জন্য প্রাইম-টাইম কাইল ওয়াকার, শক্তির জন্য হাল্ক, স্কিলের জন্য নেইমার এবং শুটিংয়ের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেছে নেন। এছাড়া ক্লাব ক্যারিয়ারে তার সেরা সতীর্থ হিসেবে সন হিয়ুং-মিন, জ্লাতান ইব্রাহিমোভিচ এবং মার্কাস তুরামের নাম উল্লেখ করেন। আর তুরস্ক জাতীয় দলের হয়ে খেলা সেরা সতীর্থদের তালিকায় আরদা তুরান, এমরে বেলোজোগ্লু এবং কেনান ইলদিজের নাম বেছে নেন তিনি।






























