প্রাতিষ্ঠানিক পরীক্ষার কারণে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দীর্ঘ দেড় মাস দূরে ছিলেন এ প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম। গত ৯ আগস্ট তার পরীক্ষা শেষ হওয়ার পর আর কোনো বিরতি না নিয়েই তিনি অভিনয়ে ফিরেছেন। ১০ আগস্ট থেকেই পুরোদমে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী।
পরিচালকদের আগ্রহ এবং জমে থাকা চিত্রনাট্যের তাগিদে তিনি এখন টানা শুটিংয়ের শিডিউল মেনে চলছেন। জীম জানান, চলতি আগস্ট মাসের পুরো সময়জুড়েই তার কোনো ছুটির সুযোগ নেই; বিভিন্ন লোকেশনে দিন-রাত এক করে কাজ করতে হবে তাকে।
ফিরেই জীম সেলিম রেজা পরিচালিত ‘লুকোচুরি প্রেম’ নামের একটি নতুন নাটকের কাজ শেষ করেছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সাদ সালমী নাওভী। এ ছাড়াও তিনি আরও একটি নতুন নাটকের কাজ সম্পন্ন করেছেন এবং একটি ওভিসির শুটিংয়ে অংশ নিচ্ছেন। আগামীকাল থেকে আরও একটি নতুন নাটকের শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। প্রতিটি নাটকেই তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে।
কাজের ফোকাস নিয়ে জীম বলেন, পড়াশোনার জন্য দেড় মাস কাজে সময় দিতে পারিনি। পরীক্ষা শেষ হতেই বিশ্রাম না নিয়ে কাজে নেমেছি এবং এখন একটানা কাজ করব। নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন বলেও জানান তিনি।






























