সরকার উপসচিব পদে মোট ২৭৭ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করেছে। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রথম প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যাদের কর্মস্থল পরিবর্তন হয়েছে, তাদের বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। এছাড়া, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবে। কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা অনলাইনে ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন।
দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই কর্মকর্তাদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। পদোন্নতিপ্রাপ্তরা উন্নীত পদে যোগদানের পর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন।
নতুন উন্নীত পদে যোগদানের তারিখ থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তা ওই পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা ও এন্টারটেইনমেন্ট অ্যালাওয়েন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের জন্য নির্ধারিত হার প্রযোজ্য হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদটি শূন্য না হওয়া পর্যন্ত এই উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।




























