যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি মানচিত্র পোস্ট করেছেন। সেখানে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ (NEW US Territory) হিসেবে দেখানো হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটির ওপর সার্বভৌমত্ব দাবির হুমকিকে আরও জোরালো করলেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী একটি উন্মুক্ত আন্তর্জাতিক জলপথ ছিল। বর্তমানে ইরান এই পথটি বন্ধ করে রেখেছে, যার মধ্য দিয়ে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের প্রতিশোধ হিসেবে ইরান এই পদক্ষেপ নিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা এবং যুদ্ধের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা এই প্রণালী খুলবে না। এর আগে ইরান পাল্টা জবাবে বলেছিল, এই প্রণালী ‘ইরানেরই থাকবে’।
ট্রাম্প গত শুক্রবার প্রথমবারের মতো এই জলপথ দখলের ধারণাটি সামনে আনেন। সে সময় তিনি কিছুটা রসিকতার সুরে বলেছিলেন যে, তিনি শীঘ্রই এটিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবারও একই ধারণার পুনরাবৃত্তি করেন এবং এটিকে একটি ভালো উদ্যোগ বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০২৫ সালে পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প বিভিন্ন সময় বিদেশি ভূখণ্ড দখলের হুমকি দিয়ে আসছেন। এর আগে তিনি কানাডাকে ৫১তম মার্কিন অঙ্গরাজ্য বানানো, গ্রিনল্যান্ড দখল এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছিলেন। তবে অতীতে দেওয়া তার এই হুমকিগুলোর কোনোটিই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
সূত্র: Gulf Today






























