কেনিয়ায় বুধবার সকালে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। কেনিয়ার সিভিল এভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে হেলিকপ্টারটি লোইসাবা কনজারভেন্সি থেকে সামবুরু কাউন্টির ইওয়াসো নিরো এলাকার দিকে যাওয়ার পথে বিধ্বস্ত হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে নিহতদের মধ্যে পাঁচজন আমেরিকান নাগরিক রয়েছেন। মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান করছেন। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
সামবুরু অঞ্চলের পুলিশ কমান্ডার ডেভিড এনকোরোই সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে হেলিকপ্টারে থাকা সাতজনের সবাই মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের সবার পরিচয় প্রকাশ করা হয়নি। পরে এনবিসি ইউনিভার্সাল এক স্মারকলিপিতে জানায়, তাদের সাংবাদিক এবং টেলিমুন্ডো ৩১, টেলিমুন্ডো ৪৯ ও টেলিমুন্ডো ফোর্ট মায়ার্স-নেপলস-এর প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার হোসে আলবার্তো সুয়ারেজ এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। এনবিসি তাকে একজন অত্যন্ত সম্মানিত নেতা এবং প্রিয় বন্ধু ও সহকর্মী হিসেবে উল্লেখ করেছে।
দুর্ঘটনায় ইকুয়েডরের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, দেশটির গোয়েন্দা প্রধান মিশেল সেনসি-কন্টুগি এবং তার স্ত্রীও নিহতদের মধ্যে রয়েছেন। পরিবহন মন্ত্রী রবার্তো লুক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই শোক সংবাদ জানিয়েছেন।
দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। কেনিয়া রেড ক্রস জানিয়েছে, দুর্ঘটনাস্থলে সক্রিয় আগুন এবং দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় সাফারি অপারেটর ট্রপিক এয়ার কেনিয়া উদ্ধারকাজে সহায়তার জন্য তাদের দুটি হেলিকপ্টার মোতায়েন করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ মডেলের ছিল। কেনিয়ার সিভিল এভিয়েশন অথরিটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করেছে।
কেনিয়ায় পর্যটন শিল্প বিকাশের সাথে সাথে দুর্গম এলাকায় যাতায়াতের জন্য অভ্যন্তরীণ এয়ারলাইনসগুলোর ওপর নির্ভরতা বেড়েছে, যার ফলে সাম্প্রতিক সময়ে হেলিকপ্টার দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে কেনিয়ার পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন আইনপ্রণেতাসহ ছয়জন নিহত হয়েছিলেন। এছাড়া ২০১৯ সালেও দেশটির উত্তরাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় চার আমেরিকান এবং একজন স্থানীয় পাইলট প্রাণ হারিয়েছিলেন।































