পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীর গুলিতে নিহত হয়েছেন। পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে ঘটা এই মর্মান্তিক ঘটনায় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। ২৮ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগমাধ্যমে আয়েশা গিলামানা নামে পরিচিত ছিলেন এবং তার অনুসারীর সংখ্যা ছিল ১৩ লাখেরও বেশি।
নিহত তারকার ভাই নিয়ামাতুল্লাহ জানান, রাওয়ালপিন্ডির তক্ষশীলা শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিন কাশিফ নামের এক যুবকের ফোন পেয়ে নিয়ামাতুল্লাহ তার বোন আসিমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই একটি পেট্রোল পাম্পের কাছে বাইকে আসা দুই অজ্ঞাতপরিচয় যুবক তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই শামসো বিবির মৃত্যু হয়। হামলায় তার বোন আসিমাও গুরুতর আহত হয়েছেন।
শামসোর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কাউসার ও জাভেদ নামে দুই ব্যক্তির কাছে টাকা পাওনা কেন্দ্র করে আগে থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে এই হামলার একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যদিও এর সত্যতা এখনো যাচাই করা হয়নি। রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার ও ভক্তরা।































